প্রোবায়োটিক কি

মানবদেহে ৩০ ট্রিলিয়ন দেহ কোষের বিপরীতে প্রায় ৪০ ট্রিলিয়ন ব্যাকটেরিয়া কোষ বিদ্যমান, তাই মানুষ মূলত ব্যাকটেরিয়া দ্বারা পরিবেষ্টিত। খারাপ ও ভাল অধিকাংশ ব্যাকটেরিয়াই অন্ত্রে বাস করে যারা মূলত আন্ত্রিক অনুজীব নামেই পরিচিত। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অধিকাংশ ক্ষেত্রেই এ সকল অণুজীবের ভারসাম্যের উপর নির্ভর করে। ভাল ব্যাকটেরিয়াগুলো প্রয়োজনীয় ভিটামিন ও মেটাবোলাইট উৎপন্ন করে এবং এ সকল ব্যাকটেরিয়া প্রোবায়োটিক নামে পরিচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রোবায়োটিক হল জীবিত অনুজীব যার পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি পোষক দেহে স্বাস্থ্য সুবিধা প্রদান করে। এই সংজ্ঞা অনুযায়ী প্রোবায়োটিক মানবদেহে নানা ধরণের সুরক্ষা ও স্বাস্থ্য সুবিধা প্রদানের সাথে সাথে ক্ষতিকারক প্যাথোজেনের সাথেও লড়াই করে।

প্রোবায়োটিক মূলত ফার্মেণ্টেটেড খাবার যেমন- দই, আচার, পনির এবং প্রাকৃতিক খাবার যেমন- আধা পাকা কলা, আপেল সিডার ভিনেগার, অ্যাভাকাডো, রসুন, ইত্যাদিতে পাওয়া যায়।

যদিও খাবারের মাধ্যমে প্রোবায়োটিক পাওয়া যায়, তবুও চিকিৎসকের পরামর্শের মাধ্যমে এটা নিশ্চিত করা উচিত যে তা আমাদের শারীরিক চাহিদা পূরণে পর্যাপ্ত কিনা।